অর্থনীতিজাতীয়সারাদেশ

কুষ্টিয়ায়  “স্ত্রীর মান ভাঙতে রাজনীতি ছাড়লেন ছাত্রনেতা ইমরান রাহুল”

কুষ্টিয়া প্রতিনিধি :
পারিবারিক জীবনকে অগ্রাধিকার দিতে এবং স্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তরুণ ছাত্রনেতা মোঃ ইমরান হাসান রাহুল। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মোঃ ইমরান হাসান রাহুল এতদিন জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার ছাত্র সংগঠন ছাত্র কাফেলা-র ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনীতি ছাড়াও তরুণদের সংগঠিত করতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বপর্যায়ে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল।

পারিবারিক সূত্র জানায়, রাহুলের স্ত্রী একটি খ্যাতনামা মহিলা মাদ্রাসা থেকে ইসলামী শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি ‘দাওরায়ে হাদিস’ সম্পন্ন করেছেন। বিয়ের পর নতুন সংসার ও পারিবারিক জীবনের শান্তিময় পরিবেশ বজায় রাখার স্বার্থে তিনি রাহুলকে রাজনীতি থেকে দূরে থাকার অনুরোধ জানান। স্ত্রীর সেই অনুরোধ ও আদর্শকে সানন্দে গ্রহণ করেই রাজনীতি ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে রাহুল লিখেন, “এখন থেকে আমি আর কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতা হিসেবে সম্পৃক্ত নই। জীবনের নতুন এই অধ্যায়ে পরিবার ও সামাজিক মূল্যবোধকে অগ্রাধিকার দিতে চাই।”

রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে তিনি আরও জানান, রাজনীতি করতে গিয়ে ভিন্ন মতাদর্শের কোনো ব্যক্তি বা সহযোদ্ধা যদি তাঁর কোনো কথা বা কাজে কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। একই সাথে তাঁর নতুন দাম্পত্য জীবন যেন সুখ ও সমৃদ্ধিময় হয়, সে জন্য দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।

তরুণ এই রাজনৈতিক নেতার হঠাৎ রাজনীতি ছাড়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেন ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা স্ত্রীর প্রতি তাঁর এই শ্রদ্ধা ও ভালোবাসার প্রশংসা করার পাশাপাশি তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *