সারাদেশ

শিশুকে দুধ খাওয়ানোর সময় মাকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক

শেরপুর প্রতিনিধি
শেরপুর সদর উপজেলায় কোলে থাকা শিশু সন্তানকে দুধ খাওয়ানোর সময় রোকেয়া বেগম (৩৬) নামের এক গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ নৃশংস ঘটনার অভিযোগে নিহত নারীর ভাসুরের ছেলে আরিফ হোসেনকে (২০) পুলিশ আটক করেছে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। নিহত রোকেয়া বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী এবং তিনি তিন সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির উঠানে চেয়ারে বসে রোকেয়া বেগম তার ছোট শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন। এ সময় তার ভাসুর মওলা মিয়ার ছেলে আরিফ হাতে একটি ধারালো দা নিয়ে আকস্মিক সেখানে উপস্থিত হন। কিছু বুঝে ওঠার আগেই তিনি রোকেয়া বেগমের ওপর অতর্কিত হামলা চালান এবং তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপাতে থাকেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই রোকেয়ার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আরিফকে আটক করে থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফ তার চাচিকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *