জাতীয়সারাদেশ

বিতর্কিত প্রবাসীকে ওসির ফুলের শুভেচ্ছা: খোকসায় তীব্র বিতর্ক, পুলিশের দায় অস্বীকার

খোকসা প্রতিনিধি : সিঙ্গাপুরপ্রবাসী এক বিতর্কিত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্তৃক ফুল দিয়ে বরণ করার ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অভিযুক্ত প্রবাসীর বিরুদ্ধে মানবপাচার ও কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ থাকলেও, খোদ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানানোয় প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে খোকসা উপজেলার ঐতিহ্যবাহী ‘খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ মাঠে একটি ভাড়া করা হেলিকপ্টার অবতরণ করে। সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর দ্রুত ও জমকালোভাবে নিজ এলাকায় ফিরতে প্রবাসী নাসির উদ্দিন শেখ এই বিশেষ হেলিকপ্টারটি ভাড়া করেন।
নাসির উদ্দিন শেখ খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। পাশাপাশি তিনি আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই। হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে ওই মাঠে শত শত উৎসুক জনতা ভিড় জমান।
হেলিকপ্টার অবতরণের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দ্রত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন হেলিকপ্টার থেকে নেমে আসা প্রবাসী নাসির উদ্দিন শেখকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
স্থানীয়দের দাবি, নাসির উদ্দিন শেখ মূলত একজন বিতর্কিত ‘আদম ব্যবসায়ী’। বিদেশ পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার বহু লিখিত ও মৌখিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাধারণ মানুষের প্রশ্ন—একজন বিতর্কিত এবং প্রতারণায় অভিযুক্ত ব্যক্তির জন্য পুলিশের এ ধরনের সংবর্ধনা সরকারি চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও চরম স্বজনপ্রীতি।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে তিনি জানান এ ধরনের কোনো বিতর্কিত ব্যক্তিকে আমরা ফুল দিইনি এবং দেওয়ার প্রশ্নই আসে না। প্রবাসীর নিজস্ব লোকজনেরাই ফুল দিয়েছে। আমরা সেখানে কেবল আইনশৃঙ্খলা রক্ষা ও প্রবাসীর নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়েছিলাম।”
কথাটি শেষ করেই তিনি ফোন কেটে দেন।
সমালোচনার মুখে মেয়র পদপ্রার্থী ও প্রবাসীর বড় ভাই রবিন রায়হান জসিম এক অদ্ভুত ব্যাখ্যা তুলে ধরেছেন। তিনি দাবি করেন: “ওসি সাহেব কাউকে ফুল দেননি। সেখানে প্রচণ্ড কাদা ছিল, ফুল নিচে পড়ে যাচ্ছিল দেখে উনি কেবল ফুলটি ধরে সাহায্য করেছিলেন।”
বিষয়টি নিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো বিস্তারিত জানেন না। খোঁজ-খবর নিয়ে খতিয়ে দেখে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একজন অভিযুক্ত আদম ব্যবসায়ীকে মাঠপর্যায়ের পুলিশ কর্তারা যেভাবে প্রটোকল ও সংবর্ধনা দিয়েছেন, তাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন খোকসাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *