বিনোদন

ভেনিসে বাঁধনকে হেনস্তা: ‘নারী ও শিল্পীদের প্রতি মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’—পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক: ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে দেশের বিনোদন অঙ্গনে। এই জঘন্য ঘটনার প্রতিবাদ জানিয়ে নারী ও শিল্পীদের প্রতি সমাজের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা ও অসহিষ্ণুতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সরাসরি নাম উল্লেখ না করলেও ভেনিসের অপ্রীতিকর ঘটনাটির দিকে ইঙ্গিত করে পিয়া লেখেন, “মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর ও সংবেদনহীন হয়ে যাচ্ছে—বিশেষ করে নারী ও শিল্পীদের প্রতি, যা সত্যিই ভাবায়।”

বিদেশে অবস্থান করলেই মানুষের মনমানসিকতা উন্নত হয় না উল্লেখ করে পিয়া আরও বলেন, “দেশের বাইরে থাকলেই মানুষের চিন্তাভাবনা বদলে যায় কিংবা মন আরও উদার হয়ে যায়, বিষয়টি এমন নয়। প্রকৃত উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, অন্যকে কতটা বুঝতে পারে এবং কতটা মানবিক থাকতে পারে। দুঃখজনকভাবে, এসব জায়গায় আমরা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।”

যেভাবে ঘটেছিল ঘটনাটি

সোমবার রাতে ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারসহ অবস্থানকালে হেনস্তার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিজেদের একটি রাজনৈতিক সংগঠনের কর্মী দাবি করে কয়েকজন ব্যক্তি বাঁধনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।

পরবর্তীতে ফেসবুক লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, “পার্কের ভেতর আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। গায়ে কোকাকোলা ও পানি ছুড়ে মারা হয় এবং হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয়।” এই ঘটনায় ইতিমধ্যেই তিনি স্থানীয় ইতালীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে নেমে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বাঁধন। নেটিজেনদের একাংশের ধারণা, সেই রাজনৈতিক ও সামাজিক অবস্থানের জের ধরেই বিদেশের মাটিতে তার ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

বিনোদন জগতের সহশিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *