কৃষিসারাদেশ

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৩

কুষ্টিয়া :
কুষ্টিয়ায় মাঠে কাজ করার সময় পৃথক স্থানে আকস্মিক বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা আনুমানিক আড়াইটার দিকে জেলার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা ও দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষকেরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার দহকোলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী নুশু এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অন্যান্য দিনের মতোই স্ব-স্ব কৃষি জমিতে কাজ করছিলেন কৃষকেরা। বেলা আড়াইটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং আকস্মিক বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। সদর উপজেলার দহকোলা এলাকায় মাঠে কাজ করার সময় সরাসরি বজ্রপাতের শিকার হন কারিগর পাড়া ও জোতপাড়ার তিনজন কৃষক।
বজ্রপাতের তীব্রতায় তাঁরা মাঠেই গুরুতর আহত ও সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলী নুশুর মৃত্যু হয়।
অন্যদিকে, একই সময়ে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আরোজ আলী।
এসব ঘটনায় গুরুতর আহতরা হলেন—দহকোলা গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী এবং জোতপাড়ার মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আহতদের শরীরের বড় অংশ ঝলসে গেছে এবং তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কৃষি জমিতে কাজ করতে গিয়ে হঠাৎ দুই কৃষকের অকাল মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *