জাতীয়বাংলাদেশসারাদেশ

কুষ্টিয়ায় বাবাকে পিটিয়ে হত্যার মামলা ছেলে কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে বানেজ মণ্ডল (চৌকিদার) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর ছেলে মো. রাজীবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে বানেজ মণ্ডলের নিজ বাড়ির আঙিনায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে ছেলে রাজীব একটি ভারী বিদেশি টর্চলাইট দিয়ে তাঁর বাবা বানেজ মণ্ডলের মাথার বাঁ পাশে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। তবে পথিমধ্যে মহিষকুন্ডি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজীবকে গ্রেপ্তার করে।

দৌলতপুর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব বাবার ওপর হামলার কথা স্বীকার করেছেন। তবে ঘটনার নেপথ্য অন্য কোনো কারণ বা ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি জামিনে মুক্তি পেলে আত্মগোপনে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। এছাড়া ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে, রাজীবের বিরুদ্ধে পূর্বে অন্য কোনো মামলার রেকর্ড নেই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *