সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার
১০ সেপ্টেম্বর ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্তবর্তী জনগণের আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বিজিবি। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। প্রাথমিক তথ্যানুযায়ী, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজিবির নিয়মিত টহলদল দ্রুত সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের এপারে অবস্থানরত সাধারণ মানুষের নিরাপত্তা ও আত্মরক্ষার তাগিদে বিজিবি পাল্টা ফায়ার করে।
বর্তমানে সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এক বিবৃতিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, “বিজিবি সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।”
একই সাথে সীমান্তে স্থায়িত্ব ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে সাধারণ মানুষকে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত বা অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিজিবির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
