বাংলাদেশ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান

বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) ভোররাতে সীমান্ত এলাকার জামালপুর বিওপির আওতাধীন হাতিশালার মোড়ে এই সফল অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানি পণ্যের একটি বড় চালান অবৈধভাবে দেশে প্রবেশ করতে পারে—এমন সুনির্দিষ্ট ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়কত্বে একটি বিশেষ স্ট্রাইকিং দল গঠন করা হয়। তথ্য যাচাই-বাছাই শেষে আনুমানিক ভোর ০৫:৩০ ঘটিকায় জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার হাতিশালার মোড় নামক স্থানের পাকা রাস্তার ওপর অবস্থান নেয় বিজিবির একটি চৌকস টহল দল।
টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩,৫৩০ প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৯৪,১৫০ (এক লক্ষ চুরানব্বই হাজার একশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে ৪৭ বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি এ ধরনের ঝটিকা অভিযান ও টহল তৎপরতা ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *