কচা নদীতে চলন্ত ফেরি থেকে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় কচা নদীতে চলন্ত ফেরি থেকে পড়ে বাবুল মাঝি (৩৫) নামে এক ফিশিং ট্রলারের মাঝি নিখোঁজ হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বাবুল মাঝি বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মো. হারুন মোল্লার ছেলে। তিনি পেশায় বঙ্গোপসাগরগামী একটি ট্রলারের চালক (মাঝি)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টগরা ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি চরখালী ঘাটে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে বাবুল মাঝি সামনের রেলিংয়ে বসে থাকা অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। নদীর তীব্র স্রোতে মুহূর্তের মধ্যেই তিনি ভেসে যান।
খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন। তবে নদীতে প্রবল স্রোত থাকায় রাতের উদ্ধার অভিযান ব্যাহত হয়।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুস সোবহান জানান, ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে। নিখোঁজ মাঝিকে উদ্ধারে সোমবার বরিশাল থেকে বিশেষ ডুবুরি দল এনে তল্লাশি অভিযান জোরদার করার কথা রয়েছে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
