গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু
, মরদেহ নেওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স খালে
অনলাইন ডেস্ক :
ভোলার লালমোহনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আয়েশা বেগম (৫০) নামের এক তিন সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে। এরপর তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে নেওয়ার পথে ঘটে আরেক বিপত্তি। স্বজন ও পুলিশসহ মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নের সালাউদ্দিনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে আয়েশা বেগম ঘরে রাখা গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজতে গিয়ে ভুলবশত বিষাক্ত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। নিহতের বড় মেয়ে জানান, বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে লালমোহন থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ভোলা সদরের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর নাগাদ বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে থাকা গভীর খালে পড়ে যায়। দুর্ঘটনায় পানিতে ডুবে ও আঘাত পেয়ে অ্যাম্বুলেন্সে থাকা নিহতের এক স্বজন এবং দায়িত্বরত এক পুলিশ সদস্য আহত হন।
দুর্ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স থেকে নিহত নারীর মরদেহ এবং আহতদের উদ্ধার করে।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার খোরশেদ আলম জানান, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের নিরাপদে উদ্ধার করে। দুর্ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানি বা মারাত্মক ক্ষয়ক্ষতি হয়নি। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
একই দিনে ভুলবশত বিষপানে মৃত্যু এবং মরদেহ বহনকারী গাড়ির এই জোড়া দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
