জাতীয়

সিদ্ধান্তের আগেই বাসে বাড়তি ভাড়া আদায়, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের ভাড়া বাড়ানোর প্রাথমিক প্রস্তাব করা হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কিংবা কার্যকর হয়নি। কিন্তু এর আগেই রাজধানীর বিভিন্ন রুটের বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের বিস্তর অভিযোগ উঠেছে। কোথাও ৫ টাকা, কোথাও আবার ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে অনেক স্থানে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা ও হট্টগোল তৈরি হচ্ছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার রায়সাহেব বাজার, গুলিস্তান, পল্টন ও শাহবাগ এলাকার বিভিন্ন রুটের বাসে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
সায়েন্সল্যাব থেকে সাভার পরিবহনের একটি বাসে করে রায়সাহেব বাজারে আসেন বেসরকারি চাকরিজীবী মিজানুর রহমান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আগে এই রুটে ২০ টাকা ভাড়া নেওয়া হলেও আজ আমার কাছ থেকে ২৫ টাকা রাখা হয়েছে। এ নিয়ে বাসের স্টাফদের সঙ্গে কিছুক্ষণ কথা-কাটাকাটিও হয়েছে। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন এখনো জারিই হলো না, তার আগেই বাড়তি ভাড়া আদায় শুরু হয়েছে। দিনশেষে এর পুরো চাপ এসে পড়ছে আমাদের মতো সাধারণ আয়ের মানুষের ওপর।”
নতুন বাজার থেকে ভিক্টর পরিবহনের বাসে গুলিস্তানে আসা আফতাব আহমেদ জানান, তাঁর কাছ থেকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা নেওয়া হয়েছে। তিনি বলেন, “কিছুদিন পরপরই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়, আর এর সব চাপ আমাদের বহন করতে হয়। নিয়ম মেনে বা প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়া বাড়ালে আমাদের বলার কিছু থাকে না, কিন্তু কোনো ধরনের সরকারি সিদ্ধান্ত ছাড়াই ইচ্ছামতো বেশি টাকা আদায় করা সম্পূর্ণ অন্যায়।”
এর আগে গত রোববার রাতে সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়, যা সোমবার থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে এখন ডিজেল ১৩৫ টাকা (আগে ১১৫ টাকা), পেট্রল ১৬০ টাকা (আগে ১৪০ টাকা), অকটেন ১৬৫ টাকা (আগে ১৪৫ টাকা) এবং কেরোসিন ১৫৫ টাকায় (আগে ১৩৫ টাকা) বিক্রি হচ্ছে।
জ্বালানি তেলের দাম বাড়ার পর গত সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে ভাড়া সমন্বয় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে—
দূরপাল্লার বাসে: কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭১ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রস্তাবগুলো এখনো চূড়ান্ত হয়নি এবং অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত পূর্বের নির্ধারিত ভাড়াই কার্যকর থাকার কথা।
এ বিষয়ে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জি আর শহীদ জানান, পরিবহন মালিকপক্ষ বাসের নতুন ভাড়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিআরটিএ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমেই নতুন ভাড়ার তালিকা চূড়ান্ত করে তা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। এর আগে বাড়তি ভাড়া আদায়ের কোনো বৈধতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *