চালুর দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
জামালপুর প্রতিনিধি:
গ্যাস সংকটের কারণে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার মাত্র দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। কারখানার বয়লারে ত্রুটি দেখা দেওয়ায় গত বুধবার (৭ অক্টোবর) বিকেল থেকে এই উৎপাদন কার্যক্রম স্থগিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারখানা সূত্র জানায়, তীব্র গ্যাস সংকটের কারণে গত বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিল। পরবর্তীতে গত ২০ সেপ্টেম্বর গ্যাস সরবরাহ শুরু হলেও গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সে সময় উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর গ্যাসের চাপ স্বাভাবিক হলে গত সোমবার (৫ অক্টোবর) রাতে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। তবে চালুর আনন্দ স্থায়ী হয়নি দুই দিনও; বুধবার বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাধ্য হয়ে আবারও উৎপাদন বন্ধ করতে হয়।
এ বিষয়ে কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন, “দীর্ঘদিন কারখানাটি বন্ধ থাকায় চালুর পর প্রাথমিক পর্যায়ে এ ধরনের দুয়েকটি যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। বর্তমানে বয়লারের ত্রুটি মেরামতের কাজ জোরেশোরে চলছে। আশা করছি আগামী শুক্রবারের মধ্যে ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হবে।”
উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানায় ১৯৯১ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ এই ইউরিয়া সার কারখানার দৈনিক উৎপাদনক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন।
