জাতীয়বাংলাদেশ

তারেক রহমানের ভারত সফর যথাসময়েই, নতুন আলোচনার প্রয়োজন নেই: ভারতীয় হাইকমিশনার

স্টাফ রিপোর্টার, ঢাকা:

বাংলাদেশ ও ভারতের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি স্পষ্ট করেছেন যে, প্রধানমন্ত্রীকে সফর সূচির জন্য ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো রয়েছে এবং সুবিধাজনক সময়ে তিনি ভারতে সফর করবেন।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে হাইকমিশনার এসব তথ্য জানান।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “দুই দেশের জনগণের মধ্যে যে ঐতিহ্যগত ও সুদৃঢ় সম্পর্ক রয়েছে, তা অব্যাহত থাকবে। বন্ধুপ্রতীম দুই দেশ কেবল সার্বিক দ্বিপাক্ষিক বিষয়েই নয়, বরং বিশ্বব্যাপী পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”

বৈঠকের সার্বিক বিষয় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জানান, একটি নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে রাজনীতি, বাণিজ্যিক সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে ধারাবাহিক আলোচনা ইতিবাচকভাবে অব্যাহত থাকবে।

পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, আজকের আলোচনায় মূলত বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, যৌথ পানি সংরক্ষণ উদ্যোগ, আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বিনিময় ব্যবস্থা এবং পরিবেশবান্ধব উন্নত প্রযুক্তি হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *