বাংলাদেশ

হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত’ সামুদ্রিক অঞ্চল ঘোষণার সিদ্ধান্ত ইরানের, জাহাজ ঢুকলেই নিষেধাজ্ঞার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র মানসিক ও সামরিক উত্তেজনার আবহেই হরমুজ প্রণালির বাইরে নতুন এক ‘নিয়ন্ত্রিত’ সামুদ্রিক অঞ্চল চালুর ঘোষণা দিতে যাচ্ছে ইরান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে দেশটি জানিয়েছে, তেহরান কর্তৃক নির্ধারিত নতুন এই সামুদ্রিক সীমান্তে অনুমোদনহীন যেকোনো জাহাজ প্রবেশ করলেই তা কঠোর নিষেধাজ্ঞার তালিকাভুক্ত হবে।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি জানান, নতুন নিয়ন্ত্রিত অঞ্চলটি মার্কিন নৌবাহিনীর অবরোধ সীমারেখা থেকে শুরু হয়ে উপসাগরের বেশ কিছু অংশ পর্যন্ত বিস্তৃত হবে, যা আগামী কয়েক দিনের মধ্যে কার্যকর করা হবে।
ইরানি কর্মকর্তা ও প্রশাসনের মূল বার্তাগুলো নিম্নরূপ:
ওমানের সঙ্গে নতুন নৌপথ চুক্তি: খুব শীঘ্রই ওমানের সঙ্গে সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি নতুন নৌপথ চালু করা হতে পারে। তবে এর প্রবেশ ও বের হওয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে।

হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ: ট্রাম্প প্রশাসনের দেওয়া ‘হরমুজ প্রণালি খোলা রয়েছে’ সংক্রান্ত তথ্যকে ‘বড় মিথ্যা’ দাবি করে রেজায়ি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। আগে যেখানে দৈনিক ১০০টির বেশি জাহাজ যাতায়াত করত, বর্তমানে তা কমে শুধু ইরানের জরুরি পণ্যবাহী হাতে গোনা ৭-৮টি জাহাজে ঠেকেছে।

মার্কিন যুদ্ধজাহাজে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা: রেজায়ি দাবি করেন, যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজের ওপর ইরান তাদের নতুন প্রযুক্তির জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সেই হামলার ভয়াবহতা সামলাতে না পেরে মার্কিন যুদ্ধজাহাজ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। তবে পরিবেশগত বিপর্যয়ের কথা মাথায় রেখে তেলবাহী কোনো জাহাজ ডুবিয়ে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

দুর্ভিক্ষের দাবি প্রত্যাখ্যান: মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানে দুর্ভিক্ষ চলছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করেন এই শীর্ষ কর্মকর্তা। পর্যাপ্ত খাদ্য ও মৌলিক পণ্যের প্রয়োজনীয় মজুত ইরানের হাতে রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *