কুষ্টিয়া সীমান্তে বিজিবির তীব্র বাধার মুখে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করানোর চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জোরালো প্রতিবাদ, সতর্ক পাহারা এবং সীমান্ত এলাকার সাধারণ মানুষের ঐক্যবদ্ধ বাধার মুখে নতিস্বীকার করে বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিককে নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, সীমান্ত রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় সীমান্ত পিলার ১৫২/১০-এস এলাকা থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারীপাড়া ক্যাম্পের টহল দল অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে জবরদস্তি বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায়।
সীমান্তে বিএসএফের সন্দেহজনক গতিবিধি নজরে আসার পরপরই জামালপুর বিওপির বিজিবি সদস্যরা কৌশলগত ও সতর্ক অবস্থান গ্রহণ করেন। তাৎক্ষণিকভাবে তারা বিএসএফকে কড়া প্রতিরোধ জানান। একই সাথে সীমান্তে পুশইনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে বিজিবির সাথে একাত্মতা প্রকাশ করে পুশইনে চরম বাধা সৃষ্টি করেন। বিজিবি ও গ্রামবাসীদের এই জোরালো অবস্থানের মুখে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে ভারতের ভেতরের দিকে চলে যায়।
এ বিষয়ে বিজিবি সূত্র জানিয়েছে, পুশইনের শিকার হওয়া ব্যক্তি ওই দেশের নাগরিক হলেও তার নাম-ঠিকানা বা বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে সীমান্তে বিজিবির সর্বোচ্চ টহল ও সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে, যাতে কোনোভাবেই কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ বা অবৈধ কার্যকলাপ না ঘটতে পারে।
