অর্থনীতিজাতীয়সারাদেশ

চুয়াডাঙ্গায় বিয়ের আসরে অসুস্থ হয়ে পড়ল ১৪ বছরের কনে, পণ্ড হলো বাল্যবিবাহ

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আসরে হঠাৎ অসুস্থ হয়ে পড়া ১৪ বছর বয়সি এক কিশোরীর বাল্যবিবাহ পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক অভিযানে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করার পাশাপাশি মেয়ের বাবাকে অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কুড়ুলগাছি গ্রামে ওই কিশোরীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বিয়ের আয়োজন চলাকালীন অতিরিক্ত মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অপ্রাপ্তবয়স্ক ওই কিশোরী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন।

সেখানে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহের আয়োজনটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় প্রশাসন। একই সঙ্গে অসুস্থ কিশোরীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।

বাল্যবিবাহের আয়োজন করা এবং এতে সহায়তা করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী কনের বাবা রফিকুল ইসলাম কচিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু স্বাস্থ্যের সুরক্ষা এবং আইন অমান্য করে সমাজে বাল্যবিবাহ রোধে এ ধরনের অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *