কুষ্টিয়ায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত তাজা ককটেল উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিরাজনগর এলাকায় পাকা রাস্তার পাশ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ বস্তুটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সিরাজনগর এলাকার পাকা রাস্তার পাশে লাল টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা মতিউর রহমান। নিরাপত্তাজনিত কারণে সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে এবং লাল টেপে মোড়ানো বস্তুটি তাজা ককটেল হিসেবে শনাক্ত করে নিরাপদে উদ্ধার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, “বাড়ির পাশের পাকা রাস্তায় লাল টেপে পেঁচানো বস্তুটি পড়ে থাকতে দেখে আমার সন্দেহ হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশকে খবর দিই। পুলিশ এসে বস্তুটি তাজা ককটেল হিসেবে শনাক্ত করে উদ্ধার করে নিয়ে যায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সিরাজনগর এলাকা থেকে একটি তাজা অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এলাকাটিতে কারা এবং কী উদ্দেশ্যে ককটেলটি ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
